একবার হোপলেস হয়ে দেখতে পারিস,
এ কিন্তু দেশলাই হওয়া নয়,
একপিঠ আঁধার ঘাড়ে করে
জ্বলে ওঠার পর
প্রাপ্য বলতে শুধু
জমাট অনাদর
বা,
পেনসিলবক্স হওয়াও নয়,
খোলা ও বন্ধের
সাদাকালো ঘর
জুড়ে, কখনও আঁচড় কাটে দাগ
বুকের ভিতর
‘আনকনশাস’,
বাংলায় অগোচর।
এ শুধু,
পালক কুড়োনোর মরসুমে
মোম সমেত চুড়োর দিকে হাঁটা,
এগিয়ে, পিছিয়ে, চারিদিক জুড়ে
হয়তো হাসি পাবে তোর,
তবু
প্রতিটি গ্র্যাভিটি শূন্য লাফ দেওয়ার আগে
জেনে রাখিস,
পড়ন্ত হাওয়ার দেহে
একই সাথে ঝাঁপ দেয়
বিস্তীর্ণ ডানার ইকেরাস
ও
ঈশ্বর।
No comments:
Post a Comment