Monday, 16 May 2011

কোট আনকোট

প্রচন্ড গরম। হাঁসফাঁস করছি। দিনমানে রোদ চড়ছে তাপ বাড়ছে, সুবিশাল দেহ নিয়ে খাটের তলায় আশ্রয় নিচ্ছি। তবে রাত্রিকালে স্বাত্তিক আহারও কিছু কম হচ্ছে না। কিন্তু কাঁহাতক আর পারা যায়। বেজায় বিরক্ত হয়ে শেষে টি ভী খুললুম। খুলতেই…

ঘোষক(হাত পা নেড়ে): নমস্কার, ফিরে এলাম বিরতির পর। আমরা কথা বলছিলাম স্টুডিয়োয় উপস্থিত নানা রাজনৈতিক ব্যক্তি ও সেলিব্রিটিদের সাথে। বিরতিতে যাওয়ার আগে হিমুদার কাছে জানতে চেয়েছিলাম, এই ওপিনিয়ন পোল বা কোট আনকোট এক্সিট পোল, এই নিয়ে অ্যাতো তর্কবিতর্ক…,হিমুদা, কোথাও কি…??

হিমুদা(মৃদু হেসে): হ্যাঁ, দেখ আমাকেও এই নিয়ে অনেককিছু শুনতে হয়েছে। একেবারে কোট আনকোট করে বলতে পারি বামফ্রন্টের এক নেতা আমাকে সি আই এ র এজেন্ট বলেছেন। তা বলুন গিয়ে, আসলে…

আগমার্কা কংগ্রেসী(তুমুল উত্তেজিত): এসবতো ওরা বলবেই, আগে বলত চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, একেবারে কোট আনকোট, এখন বলছে সবাই সি আই এ।

সদ্য নির্বাচিত অভিনেত্রী(মসৃণ হেসে): দেখুন এই যে চৌত্রিশ বছরের বাম অপশাসন, তার বিরুদ্ধে যে জনমতের রায়……

তাঁকে থামিয়ে দিয়ে টাকমাথা রাজনৈতিক বিশ্লেষকঃ এই খানে আমি কিছু বলতে চাই। এটা একেবারে মূলগত প্রশ্ন। (ঘোষকের দিকে তাকিয়ে) তুমি যদি দেখো রুমন, এই যে ভোটের পার্সেন্টেজ…মানে বলতে চাইছি, বিগত বিধানসভা নির্বাচনের সাথে তুলনা করলে, দেখা যাবে যে, মানে ঠিক সেভাবে কম্পেয়ার যদি নাও কর…তবুও…বামফ্রন্টের ভোট কিন্তু কমেছে। মানে লোকে ওদেরকে ভোট দেয়নি। আমার হিসেব যা বলছে তাতে এটুকু পরিষ্কার যে, এই ভোট না পাওয়াটা কিন্তু ভোটে হারার অন্যতম কারণ।
থামিয়ে দিয়ে ঘোষকঃ একেবারে, আমি এ নিয়ে আবার আপনার কাছে আসব প্রনয়দা, তার আগে আমি একবার এই প্রশ্নটা নিয়ে বাক্যদার কাছে আসব। বাক্যদা এই যে অপপ্রচার, কোট আনকোট অশ্লীলতা, এসব তুমি কিভাবে সামলেছ?
বাক্যদাঃ সোজা হিসেব, আমাকে খিস্তি মারলে আমিও মারব। এ হল যুদ্ধের নিয়ম। একেবারে কোট আনকোট করে বলতে পারি কিভাবে…
পুনর্নিবাচিত বিধায়কঃ শুনুন, আপনাকে পরিষ্কার বলি। এ হল যাকে বলে কোট আনকোট মা মাটি মানুষের জয়, হ্যাঁ, বুঝলেন তো, ওরা খেপে গেছিল, হ্যাঁ, তারপর দেখুন পানীয় জল নেই, রাস্তা নেই, শিক্ষায় দলতন্ত্র…জানেন আমাকে একবার মারতে এসেছিলো।
স্টুডিয়ো আলো করা বাম উজবুকঃ এই খানে আমার কিছু বলার আছে রুমন। হ্যাঁ মানতেই হবে কিছু ক্ষেত্রে আমরা পারিনি….কিছু ক্ষেত্রে দলীয় ব্যর্থতার ফলে…
ঘোষকঃ তাহলে আপনি বামফ্রন্টের ব্যর্থতা স্বীকার করে নিচ্ছেন। হেঃ হেঃ হেঃ। ভেবেচিন্তে বলুন, এক্ষুণি কিন্তু ব্রেকিং নিউজ হয়ে যাবে।আপনি কি পার্টির তরফ থেকে এই কথা….
স্টুডিয়ো আলো করা বাম উজবুকঃ দেখ আমি একেবারে কোট আনকোট করে বলতে পারি, আমি একমাত্র আমার বিবেকের কথা শুনি। বিবেকের কথা বলি। এই যে দ্বন্দ্ব, বা রাজনৈতিক….
থামিয়ে দিয়ে অভিনেত্রীঃ না কি জানেন, এই যে মানে, কি বলব, নোংরামো, মানে এই যে কি বলে, ইট্‌স লাইক, মানে এই যে র্নীতি, এই সব এত…।হ্যাঁ মনে পড়েছে, জানেন একদিন ঐ সুন্দরবনের ওইখানে….
থামিয়ে দিয়ে ঘোষকঃ আপনাকে একটু থামাচ্ছি কারণ এই মূহুর্তে আমাদের প্রতিনিধি অনুপম গড়াই আমাদের ভাবী মুখ্যমন্ত্রীর সাথে রয়েছেন, অনুপম আমাদেরকে পরিষ্কার জানাও ঠিক কি পরিবেশ দেখতে পাচ্ছ।
প্রতিবেদকঃ হ্যাঁ, রুমন, দেখতেই পাচ্ছ, আমি এখন ওঁর পাশে ওঁর বাড়ীতে বসে আছি। দেখতেই পাচ্ছ, উনি বেশ ফুরফুরে মেজাজে আছেন।মুড়ী খাচ্ছেন…
ভাবী মুখ্যমন্ত্রী(সলজ্জ হেসে): এই যাঃ। আজ সন্তোষী মা, না?
প্রতিবেদকঃ কিরকম লাগছে?
ভাবী মুখ্যমন্ত্রীঃ হ্যাঁ, সেই কবে থেকে…আসলে এই জয় মা মাটি মানুষের জয়। মা মাটি মানুষকে আমি এই জয় উতসর্গ করছি। সি পি এমটা অনেক জ্বালিয়েছে। কবিগুরু যা বলেছেন, কোট আনকোট আমিও তাই বলছি, আমার মাথা নত করে দাও হে প্রভু…
হঠাত সংযোগ বিচ্ছিন্ন।
হতাশ ঘোষকঃ হুমম, আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা এই মূহুর্তে আমরা চলে যাব আলিমুদ্দিন স্ট্রীটে। সেখানে আমাদের প্রতিবেদক সুমন কুন্ডু আছে। সুমন ঠিক কি ছবি দেখছ আলিমুদ্দিন স্ট্রীটে?
প্রতিবেদকঃ হ্যাঁ রুমন, এই মূহুর্তে আমি দাঁড়িয়ে আছি আলিমুদ্দিন স্ট্রীটের সামনে। দেখতেই পাচ্ছ, প্রায় সুনশান চত্ত্বর। তবে একে একে রাজ্য সম্পাদকমন্ডলীর গাড়ি ঢুকছে। বিপর্যয়ের কারণ খুঁজতে ওঁরা বৈঠকে বসছেন। এই যে আমার পাশে চায়ের দোকান দেখছ, এইখান থেকেই কিন্তু ওঁদের বৈঠকের চা সাপ্লাই যায়। এবং এই লোকটি কিন্তু বিরোধীদের জয়ে প্রচন্ড খুশি।
ঘোষক(বিস্মিত): কিন্তু কেন?
প্রতিবেদক(অম্লানবদনে): আসলে ওঁরা এখন ঘনঘন বৈঠকে বসবেন, ফলে চায়ের বিক্রী বাড়বে বলে ইনি মনে করছেন। রুমন…
ঘোষকঃ পরাজিত মুখ্যমন্ত্রী কি আসছেন বৈঠকে যোগ দিতে?
প্রতিবেদকঃ হ্যাঁ উনি এসেছেন। আমরা দেখতে পাচ্ছি উনি সিঁড়ি দিয়ে উঠছেন। পাশে রয়েছেন আরো এক বাম নেতা। দেখতেই পাচ্ছ, উনি চিন্তিত, উনি সাধারনতঃ যে জুতো পরেন আজ তা পরেননি। দেখতেই পাচ্ছ উনি আস্তে আস্তে সিঁড়ী দিয়ে উঠে পেছনের দিকে এগিয়ে গেলেন। রুমন…

ঘোষকঃ ধন্যবাদ সুমন। আমরা দেখলাম দুতরফের দুই ছবি। একদিকে উল্লাস অন্যদিকে একেবারে কোট আনকোট হতাশার ছবি। আমরা আরো আলোচনা নিয়ে ফিরে আসব একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর।আপনারা সংগে থাকুন,

ঝ্যাং ক্লাং।বিজ্ঞাপনী বিরতি।কেশপুর সিমেন্ট, চোখ বুঝে ভরসা করা যায়। পিং।মাধ্যমিকে আমি এই বই পড়ে ফার্স্ট হয়েছি, আপনারাও পড়ুন, সকলেই ফার্স্ট হবেন। ঝ্যাং ক্লাং। অনেক হয়েছে আর না…ওয়াশিং পাউডার নিরমা, ওয়াশিং পাউডার নিরমা। পিং পং। বাজেমেলিয়া গ্রুপ, সর্বদাই আপনাদের সাথে, আপনাদের পাশে, ঘাসে ঘাসে। চুল পড়া কোন রোগই নয়, রোগের উপসর্গ মাত্র, ইত্যাদি ইত্যাদি। ঝ্যাং ক্লাং, বিরতি শেষ।

ঘোষকঃ ফিরে এলাম বিরতির পর। হ্যাঁ বাক্যদা, এই যে পরিবর্তন….
বাক্যদাঃ হ্যাঁ আমিও ঠিক এই কথাই বলছিলাম। পরিবর্তনটা দরকার ছিল। এরপর আর আমরা ওরা থাকবে না, সবই আমরা…
নির্বাচিত অভিনেত্রীঃ হ্যাঁ, বাক্যদার সাথে আমি একমত। এই যে আমি যখন অটোতে করে সারা অঞ্চল ঘুরছিলাম তখন ভাবতে পারবেন না কি পরিমান মানুষ এসে, মানে বুঝতে পারছেন, মানে একবার ছুঁয়ে দেখতে...মানে অফকোর্স দিদি একটা বড় ফ্যাক্টর,তবু কি বলত...

স্টুডিয়ো আলো করা বাম উজবুকঃ আসলে রুমন তোমাকে একটা কথা বলি, এই পুরোটাই আমরা দেখছি একেবারে কোট আনকোট যাকে বলে ইতিহাসের দ্বন্দ্বমূলক বস্তুবাদ, মানে
ঘোষকঃ বসাকদা, এরপর যদি ইতিহাসের চাকা…
স্টুডিয়ো আলো করা বাম উজবুকঃ না তুমি বুঝতে ভুল করলে। আমি মোটেও তা বলিনি। মানে এভাবে কোট আনকোট করে আমার কথা নিয়ে…
হিমুদাঃ হ্যাঁ দেখুন আমি কোনও রাজনৈতিক ব্যক্তি নই, কিন্তু এটা স্পষ্ট যে জনমত আপনাদের বিপক্ষে গিয়েছে। সুতয়াং কোট আনকোট পরিবর্তন তো হয়েছে।
স্টুডিয়ো আলো করা বাম উজবুকঃ কি আশ্চর্য, আমাকে বলতে দিন না…না না বাক্য, তুমি অনেক বলেছ, তোমার বলার সময় আমি কিন্তু...তুমি সিপিএম কে গাল মারার সময়...
বাক্যঃ বেশ করেছি।রাস্তা করতে পারেননি এখন কাঁচা খিস্তি খান।
আগমার্কা কংগ্রেসীঃ আরে মশাই চুপ করুন, রেখে দিন ৭৭ সাল। আর কতদিন ঐ সব ধুয়ে জল খাবেন।
স্টুডিয়ো আলো করা বাম উজবুকঃ হয়নি? হয়নি, বলতে চান? শ্রেনীশত্রু নিধনের সময়…(ভীষণ রকম উত্তেজিত ও মুখভঙ্গী)
নির্বাচিত অভিনেত্রীঃ ওঃ মা কি অসভ্যতা, ছি ছি।
ঘোষকঃ আসব আসব আমি সবার কাছেই এই প্রশ্নটা নিয়ে আসব তার আগে একটা বিজ্ঞাপনী বিরতি নেব।
বাক্যঃ আরে রাখুন বিরতি। অনেক হয়েছে, আমাকে জাঁ পল সাত্র দেখাচ্ছে, আরে ও কি জানে…
আগমার্কা কংগ্রেসীঃ মঙ্গলকোটে যখন আমাদের গাড়ী...কিংবা রায়নাতে স্কুটার নিয়ে যাবার সময়...
স্টুডিয়ো আলো করা বাম উজবুকঃ এই যে, খাসেরভেড়ি মনে আছে তো...?
বাক্যঃ আমাকে রঙ দেখাবেন না, আমি জায়ান্ট কিলার। আমার মাইনে বন্ধ করেছেন তো কি? জানেন আমি একদিনে কত রোজগার করতে পারি?
হিমুদাঃ কি আশ্চর্য, দেখুন আমি রাজনৈতিক ব্যক্তি নই। আমাকে এসবের মধ্যে জড়াবেন না, তবে বাক্যবাবু কিন্তু খুব একটা খারাপ কথা বলেন নি।
স্টুডিয়োতে তুমুল তর্কবিতর্ক, প্রায় হাতাহাতির পর্যায়।

টাকমাথা রাজনৈতিক বিশ্লেষকঃ দেখুন আমার বক্তব্য পরিষ্কার, বামেদের ভোট কমেছে…ফলে দেখতে হবে কেন কমেছে। আমার মনে হয় এর কারণ…জোটের ভোট বেড়েছে বলে। ওকি ওকি দাড়ী টানছেন কেন?
চূড়ান্ত গন্ডগোল। তীব্র চেঁচানির সংগে হার্মাদ হার্মাদ চীতকার। ঘোষকের বৃথা আস্ফালন ও হস্ত সঞ্চালন। অনুষ্ঠানের দ্রুত পরিসমাপ্তি। স্টুডিয়ো ছেড়ে অংশগ্রহণকারীদের নির্গমন ও সক্কলকে ভুশুন্ডীর মাঠে দেখে নেওয়ার হুমকি।

ব্যাপারস্যাপার দেখে বেজায় বিরক্ত ধরে গেল। দুটো চীনাবাদামও গিলে ফেললাম।দূর দূর এর চেয়ে তাস পেটা ভালো। এই শিবে…